সান ফ্রান্সিসকোর বিখ্যাত শেফ সেসিলিয়া চিয়াং মারা গেছেন। তার বয়স হয়েছিল ১০০ বছর। তাকে বলা হয় আমেরিকায় চীনা খাবারের পথপ্রদর্শক।
সেসিলিয়ার নাতনির বরাত দিয়ে সিএনএন জানায়, বুধবার ভোরে ঘুমের মাঝে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পাশেই ছিলেন পরিবারের সদস্যরা। তবে সেসিলিয়ার মৃত্যুর বিস্তারিত গোপন রাখতে অনুরোধ করেছে চিয়াং পরিবার।
সান ফ্রান্সিসকোর বিখ্যাত রেস্তোরাঁ ম্যান্ডারিনের স্বপ্নদ্রষ্টা ও মালিক ছিলেন সেসিলিয়া। তিনি যুক্তরাষ্ট্রে আসল চীনা খাবার আনার জন্য ব্যাপকভাবে প্রশংসিত। হালে শেফদের পাশে বসা ‘সেলিব্রিটি’ শব্দটি সেই আমলে ব্যবহার না হলেও সেসিলিয়াকে যথার্থই সেলিব্রিটি শেফ বলা যায়।
সেসিলিয়ার নাতনি সিয়েনা সিএনএন-কে বলেন, দাদির উষ্ণতা, নির্ভীকতা, বুদ্ধি ও প্রাণচঞ্চলতার অভাববোধ করবেন। তার ছিল নিরবচ্ছিন্ন কৌতূহল, অনেক জানাশোনা ও জীবনকে সামলানোর দক্ষতা। হাসিখুশি ও অবিশ্বাস্যরকম বুদ্ধিমতী এই নারীর শত বছরের গল্পগুলোও মিস করবেন বলে জানান।
চীনের সাংহাইয়ের কাছে উচ্চবিত্ত পরিবারে সেসিলিয়ার জন্ম। তার স্বামী ছিলেন জাপানে কর্মরত কূটনৈতিক। ১৯৫৯ সালে তারা সান ফ্রান্সিসকো আসেন। সেখানে নানান ধরনের প্রতিবন্ধকতা কাটিয়ে চাইনিজ ডিশ জনপ্রিয় করে তোলেন সেসিলিয়া। পরিণত হন কিংবদন্তিতে।
