তেঁতুলিয়া থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা

আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ০১:২২ পিএম

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় তেঁতুলিয়া থেকে হঠাৎ দেখা যাচ্ছে হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।

প্রতি বছর নভেম্বরের শুরুর দিকে কাঞ্চনজঙ্ঘা দেখা গেলেও এবার অক্টোবরের শেষের দিকে দেখা মিলছে অপরূপ কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য।

বৃহস্পতিবার সকালে জেলার তেঁতুলিয়া পিকনিক কর্নারসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে খালি চোখে দেখা মিলেছে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য। তবে স্থানীয়দের দাবি চলতি বছরের প্রথম দেখা মিলেছে কাঞ্চনজঙ্ঘার। 

অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত শীতের মেঘমুক্ত নীলাকাশে ভেসে ওঠে তুষার শুভ্র হিমালয় পর্বত ও কাঞ্চনজঙ্ঘা।

চোখের কাছে ভেসে থাকা হিমালয় পর্বত ও কাঞ্চনজঙ্ঘার দুর্লভ মায়াবী দৃশ্য দেখে অনেকেই মুগ্ধ হচ্ছেন। ইতিমধ্যে দু-একজন পর্যটক আসা শুরু করেছেন।

বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘার ওপর সূর্যোদয়ের সময় দিনের প্রথম সূর্যকিরণের ঝিকিমিকি পাসপোর্ট আর ভিসা ছাড়াই ভ্রমণপিপাসুরা প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে আসতে শুরু করেছেন তেঁতুলিয়ায়।

উষার সময় কাঞ্চনজঙ্ঘার ওপর রোদ পড়ে সেই রোদ যেন ঠিকরে পড়ে পর্যটকের চোখে। হিমালয়ের সর্বোচ্চ পর্বত কাঞ্চনজঙ্ঘার নানান রূপ দেখা যাচ্ছে। একই অঙ্গে অনেক রূপ এই কাঞ্চনজঙ্ঘার।

প্রথমে কালচে, এরপর ক্রমান্বয়ে টুকটুকে লাল, কমলা, হলুদ এবং সাদা রং ধারণ করে। দুরবিন বা বাইনোকুলারের প্রয়োজন নেই।

দৃষ্টিশক্তি ভালো থাকলে তেঁতুলিয়ার বিভিন্ন এলাকা থেকে খালি চোখে হিমালয় ও কাঞ্চনজঙ্ঘার নানান রূপ লাবণ্য দেখতে পাওয়া যাচ্ছে। যা প্রকৃতি প্রেমীদের আরও মুগ্ধ করে তুলছে।

উত্তরের আকাশে নয়নাভিরাম হিমালয় মূলত বরফে ঢাকা সাদা মেঘের মতোই। সেই সঙ্গে রয়েছে পিরামিডের মতো কাঞ্চনজঙ্ঘার চূড়া।

জানা গেছে, দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউনিয়ন থেকে নেপালের দূরত্ব মাত্র ৬১ কিলোমিটার, এভারেস্ট শৃঙ্গের দূরত্ব ৭৫ কিলোমিটার, ভুটানের দূরত্ব ৬৪ কিলোমিটার, চীনের দূরত্ব ২০০ কিলোমিটার, ভারতের দার্জিলিংয়ের দূরত্ব ৫৮ কিলোমিটার, শিলিগুড়ির দূরত্ব ৮ কিলোমিটার আর কাঞ্চনজঙ্ঘার দূরত্ব মাত্র (আকাশ পথে) ১১ কিলোমিটার।

গত বছর বাংলাবান্ধায় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রচুর মানুষ ভারতের এই পাহাড় দেখতে গেছে। এবার করোনার কারণে ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ রয়েছে।

বাংলাবান্ধা থেকে নেপালের দূরত্ব মাত্র ৬১ কিলোমিটার, এভারেস্ট শৃঙ্গ ৭৫ কিলোমিটার, ভুটান ৬৪ কিলোমিটার, চীন ২০০ কিলোমিটার, ভারতের দার্জিলিং ৫৮ কিলোমিটার ও শিলিগুড়ি ৮ কিলোমিটার আর কাঞ্চনজঙ্ঘার দূরত্ব মাত্র ১১ কিলোমিটার।

 তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, মেঘমুক্ত আকাশে রুপালি চকচকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে! আকাশ মেঘমুক্ত থাকা এবং উত্তরবঙ্গে সাম্প্রতিক বৃষ্টির কারণে বাতাসে ধূলিকণার পরিমাণ কমে যাওয়াতেই কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হচ্ছে।

তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহামুদুর রহমান ডাবলু জানান, প্রতিবছর তেঁতুলিয়ার বিভিন্ন এলাকা থেকে খালি চোখে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়।

দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য তেঁতুলিয়ায় এসে ভিড় জমায়। পিক কর্নারে এসে বেশির ভাগ পর্যটক কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য উপভোগ করে তাই উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে পিকনিক কর্নারকে নতুন করে সাজানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত