নোয়াখালীর সেনবাগে স্বামীকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যার সন্দেহে স্ত্রী রিজিয়া বেগম (৪০) কে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। নিহত তাজুল ইসলাম (৫০) উপজেলার কেশারপাড় গ্রামের জমাদার বাড়ির মৃত আনোয়ার উল্যার ছেলে। আটক রিজিয়া বেগম মৃত তাজুল ইসলামের তৃতীয় স্ত্রী।
রোববার দুপুরে আটক আসামিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার রাতে উপজেলার কেশারপাড় ইউনিয়নের কানকিরহাট বাজারের আরএস টাওয়ার দ্বিতীয় তলা থেকে তাকে আটক করা হয়। রিজিয়া উপজেলার ডমুরিয়া ইউনিয়নের মাতইন গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, নিহত তাজুল ইসলাম তার তৃতীয় স্ত্রী রিজিয়াকে নিয়ে উপজেলার কানকিরহাট বাজারের আরএস টাওয়ারে দ্বিতীয় তলায় বসবাস করতেন। গত বুধবার সকাল সাড়ে ৬টার দিকে রিজিয়ার স্বামী তাজুল উপজেলার কানকিরহাট বাজারের আরএস টাওয়ারের ৪ তলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে তার আরেক স্ত্রীর সন্তানেরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যায়। ৩১ অক্টোবর রাত পৌনে ৩টার দিকে তাজুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। পরে ময়নাতদন্ত শেষে শনিবার সন্ধ্যায় সেনবাগে মরদেহ পৌঁছালে রাতেই তাকে দাফন করা হয়।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, তৃতীয় স্ত্রীকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক করে ৫৪ ধারায় আদালতে চালান দেওয়া হলে আদালত কারাগারে প্রেরণ করেন।
