রাজধানীর কল্যাণপুরের বস্তিতে আগুনের ঘটনায় দগ্ধ আনোয়ার হোসেন (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রবিবার বেলা ২টার দিকে তার মৃত্যু হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর ২টার দিকে চিকিৎসাধীন তার মৃৃত্যু হয়। তার শরীরের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তাকে ওই দিনই আইসিইউতে নেয়া হয়েছিল। একই ঘটনায় আক্তার হোসন (১৯) নামে আরো একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শরীরেও একই রকম দগ্ধ হয়েছে।
আনোয়ারের বাড়ি কিশোর তারাইল উপজেলার দাউদপুর বাউতি গ্রামে। তার বাবার নাম নজরুল ইসলাম। কল্যাণপুর নতুন বাজার বস্তিতে নান্নু মিয়ার ভাঙারি দোকানে কাজ করত ও থাকত সেখানেই।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কল্যাণপুরে নতুনবাজার বস্তির আগুনের ঘটনা ঘটে। এতে আক্তার হোসেন (১৯) ও আনোয়ার হোসেন (২১) দগ্ধ হন। ঘটনার পরপরই তাদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধ আক্তারের বাড়ি পাবনা বেড়া উপজেলায়। সেও নান্নু মিয়ার ভাঙারির দোকানে কাজ করে।
