সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি ফেইসবুক তাদের মোবাইল অ্যাপে ডার্ক মোড পরীক্ষামূলকভাবে চালু করেছে। অ্যাপটির মেসেঞ্জার এবং কম্পিউটার অ্যাপে ডার্ক মোড থাকলেও মোবাইলের ফেইসবুকে ছিল না।
ফেইসবুক চলতি বছরের জানুয়ারিতে জানায়, এই ফিচারটি ‘টেস্ট’ করা হচ্ছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, এখন প্রকাশ্যে এই টেস্ট চলছে।
সোমবার বাংলাদেশ থেকে কয়েকটি ফোনের ফেইসবুক অ্যাপের মেন্যুতে আলাদা ‘Dark Mode’ অপশন দেখা গেছে। নিজের ইচ্ছামতো এটি অন-অফ করা যায়।
ফিচারটি আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় ব্যবহারকারীদের ফোনেই আসছে কি না, সেটি অবশ্য নিশ্চিত করতে পারেনি ম্যাশেবল।
ফোনে ডার্ক মোড পেতে হলে অ্যাপ আপডেট করতে হবে। এরপর অ্যাপ অন করে মেন্যু অপশনে গেলে সেটিংসের নিচে ফিচারটি আসছে। অনেকের আবার সেটিংসে ক্লিক করে আনতে হচ্ছে।
ডার্ক মোডের সুবিধা থাকলে স্মার্টফোনের চার্জ যেমন কম খরচ হয় তেমনি ব্যবহারকারীদের দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে চোখের সমস্যা কমে আসে।
গত মার্চে ফেইসবুক তাদের কম্পিউটার ভার্সনে অপশনটি চালু করে।
