ঝালকাঠির কাঁঠালিয়ায় জিহাদ হোসেন (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তারাবুনিয়া গ্রামের একটি ডোবা থেকে তার উদ্ধার করা হয়।
জিহাদ হোসেন একই এলাকার মৃত আবদুস ছোবাহান খলিফার ছেলে ও দুই কন্যা সন্তানের বাবা।
পুলিশ ও স্বজনরা জানায়, জিহাদের স্ত্রী একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তিনি দুই মেয়ে নিয়ে বাসা ভাড়া করে উপজেলা সদরের আমুয়া বন্দরে থাকেন। জিহাদ বাড়িতে থেকে কৃষিকাজ করতেন। রবিবার বিকেলে সবজি ক্ষেতে সার দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন জিহাদ। রাতে ঘরে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
আজ সোমবার সকালে বাড়ীর পশ্চিম পাশের কলাক্ষেতের ডোবায় জিহাদকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ।
কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। সুরতহালে তার শরীরে কোনো অঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় কাঠালিয়া থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
