এক ঘণ্টায় ব্যবধানে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কাশিপুর ইউপির বলঞ্চা গ্রামে জামাইয়ের মৃত্যুর খবর শুনে শ্বশুরের মৃত্যু হয়েছে। তাদের একই কবর স্থানে দাফনের পর আরেক গ্রামবাসীর মৃত্যুর ঘটনায় স্থানীয়রা হতবিহ্বল হয়ে পড়েছেন ।
উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য আইনুল হক জানান, রোববার দিবাগত রাত সাড়ে ৯ টায় বলঞ্চা গ্রামের স্কুলশিক্ষক হামিদুল হক (৪৯) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ খবর শুনে রাত সাড়ে ১০টায় তার শ্বশুর জসিমউদ্দিন (৮৫) হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন । হামিদুল হক এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন ।
সোমবার দুপুরে এলাকার মহারাজা পাঁচপীর কবরস্থানে জামাই-শ্বশুরের দাফনের চার ঘণ্টা পর ওই গ্রামের সহিদুল হক (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয় । একই গ্রামের তিনজনের মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানান স্থানীয় ইউপি সাবেক সদস্য হামিদুর রহমান ।
তিনি বলেন, ওষুধ মনে করে তরল বিষ পান করে সংজ্ঞা হারিয়ে ফেলে দুই সন্তানের বাবা সহিদুর। তাকে মুমূর্ষু অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রানীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল একই গ্রামে তিনজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
