কাবুল বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীদের হামলা

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ১২:৪০ এএম

ইরানি বইমেলা উদ্বোধনের আগ মুহূর্তে আফগানিস্তানের রাজধানীতে কাবুল বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার হামলা চালিয়েছে বন্দুকধারীরা। হামলায় অন্তত ৬ জন আহত হয়েছেন বলে দেশটির সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বিবিসি।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, কয়েকজন বন্দুকধারী ক্যাম্পাসে ঢুকে পড়লে শিক্ষার্থীরা পালাতে শুরু করেন। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে বলেও জানান তিনি। এ হামলায় নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে তালেবান।

আফগানিস্তানে প্রায়ই শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে। গত মাসে একটি টিউশন কেন্দ্রের বাইরে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) চালানো হামলায় অন্তত ২৪ জন নিহত হন। এ ছাড়া ২০১৮ সালে অন্য একটি বিশ্ববিদ্যালয়ের সামনে প্রাণঘাতী হামলা চালানোর দায়ও স্বীকার করে গোষ্ঠীটি।

সোমবারের হামলা প্রসঙ্গে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, ‘আমরা এখনো বুঝতে পারছি না কোনো সমন্বিত হামলার মোকাবিলা করছি নাকি অন্য কিছু ঘটছে।’ দেশটির উচ্চ শিক্ষাবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র হামিদ ওবাইদি জানিয়েছেন, বইমেলার উদ্বোধন উপলক্ষে যখন সরকারি কর্মকর্তাদের জন্য অপেক্ষা করা হচ্ছিল তখনই হামলা চালানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত