কখন জানা যাবে নির্বাচনী ফল

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ০১:১৯ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ আনুষ্ঠানিকভাবে শুরু হয় দেশটির কানাডা সীমান্তের শহর নিউ হ্যাম্পশায়ারের ছোট্ট শহর ডিক্সভিল নচের মাধ্যমে। এই শহরের একটি কেন্দ্রের মোট পাঁচটি ভোটের সবগুলোই পেয়েছেন ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। কিন্তু এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষে কে বিজয়ী হতে যাচ্ছেন তা জানতে কয়েক দিন, এমনকি কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।

এ বছর প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির মোট ২৪ কোটি ভোটারের মধ্যে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ১৯ কোটি। করোনাভাইরাস মহামারীর কারণে এই ভোটারদের মধ্যে ১০ কোটির বেশি ইতিমধ্যে আগাম ভোট দিয়েছেন। এই আগাম ভোটের ফল পেতে বিলম্ব হতে পারে। সাধারণত নির্বাচনের রাতেই প্রেসিডেন্ট নির্বাচনের ফল জানা যায়। একেক রাজ্যে ভোট শেষ হওয়ার সময় একেক রকম। নির্বাচনের রাতেই সব ভোট গণনা শেষ করা সম্ভব না হলেও বিজয়ী ঘোষণার মতো সংখ্যাগরিষ্ঠ ভোট কে পেয়েছেন তা মোটামুটি জানা যায়। অধিকাংশ গণমাধ্যম হিসাব-নিকাশ করে কোন প্রার্থী এগিয়ে আছেন তা জানিয়ে দেয়। এ ফল চূড়ান্ত নয়, ধারণা মাত্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাধারণত জাতীয় ভোটের মাধ্যমে নির্বাচিত হন না। ইলেকটোরাল কলেজ প্রতিনিধি বেশি পেলে তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হন।

অন্যান্য নির্বাচনের তুলনায় এ বছর বেশিসংখ্যক মানুষ ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। ডাকযোগের ভোট গণনা করতে সময় বেশি লাগে। কারণ বিভিন্ন ধরনের ব্যবস্থার মাধ্যমে এসব ভোটের সত্যতা যাচাই করা হয়। বিশেষ করে স্বাক্ষর এবং ঠিকানা যাচাই না করা পর্যন্ত ভোট গণনা হয় না। ওহাইও এবং ফ্লোরিডার মতো কিছু অঙ্গরাজ্যে নির্বাচনের দিনের কয়েক সপ্তাহ আগে থেকেই আগাম ভোটের গণনার প্রক্রিয়া শুরু হয়। তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কেমন হচ্ছে সেটির ওপর নির্ভর করে ভোটের রাতেই বিজয়ী ঘোষণা করা সম্ভব হয়।

কিন্তু পেনসিলভানিয়া এবং উইসকনসিনের মতো কয়েকটি রাজ্যে ভোটগ্রহণের দিন ছাড়া আগাম ভোট গণনার সুযোগ নেই। এসব রাজ্য নির্বাচনী ফলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দেশটির নির্বাচনী কর্মকর্তারা বলছেন, ভোট গণনায় কয়েকদিন পর্যন্ত লাগতে পারে।

যেসব রাজ্যে আগাম ভোট প্রক্রিয়াকরণের জন্য নির্বাচনের দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়, সেসব রাজ্যে প্রাথমিক ফল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ রিপাবলিকানরা ভোটকেন্দ্রে সশরীরে হাজির হয়ে ভোট দেবেন বলে প্রত্যাশা করা হয় এবং এই ভোটগুলো দ্রুত গণনা করা হয়। অন্যদিকে, যে রাজ্যগুলোতে নির্বাচনের দিনের আগেই আগাম ভোট গণনার প্রক্রিয়া শুরু হয়ে যায়, সেই রাজ্যগুলোতে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ রিপাবলিকানদের চেয়ে নিবন্ধিত ডেমোক্র্যাটরা জো বাইডেনকে ভোট দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত