জেলহত্যা দিবসে গতকাল মঙ্গলবার গভীর শোক আর শ্রদ্ধায় দেশজুড়ে স্মরণ করা হয়েছে জাতীয় চার নেতাকে। দিনটি উপলক্ষে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা ও অবদান স্মরণ করে নানা কর্মসূচি পালন করে। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
রাজশাহী : মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সকালে দলীয় কার্যালয়ের পাশে স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে নগরীর কাদিরগঞ্জে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর জাতীয় চার নেতার মাগফিরাত কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর : দুপুরে গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে নগরীর ভোগড়া এলাকার বাইতুল কোরআন আল মাসুদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, যুবলীগ নেতা ইকবাল মাস্টার, রাহাত খান প্রমুখ।
টাঙ্গাইল : সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামসহ সর্বস্তরের নেতাকর্মীরা। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
পঞ্চগড় : জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ চার নেতার চার জাতীয় নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য দান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ফরিদপুর : সকালে পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
ঝালকাঠি : সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মাগুরা : সকালে শহরের সৈয়দ আতর আলী সড়কের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, আবু নাসির বাবলু, বাসুদেব কু-ু প্রমুখ।
নাটোর : সকালে জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং কালো পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণসহ সব শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও এক মিনিট নীরবতা পালন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
