ভারতের বিজেপি সরকারের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সম্পর্কের উষ্ণতা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তবে নির্বাচনের আগ মুহূর্তে একটি মানচিত্র প্রকাশ করে হইচই ফেলে দিয়েছেন ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।
ভারতীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ওই মানচিত্র টুইট করেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।
সংবাদ প্রতিদিন জানায়, বাবা ডোনাল্ড ট্রাম্পের জয়ের আগাম ভবিষ্যদ্বাণী করতেই ওই টুইটটি করেছিলেন তিনি। সেখানে দেখানো হয় গোটা বিশ্বজুড়ে লাল রঙের আধিক্য। এই লাল ঢেউ তার বাবা ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির।
ম্যাপের সামান্য অংশেই দেখা গেছে ডেমোক্রেটিক পার্টির নীল রং। ভারত ও চীন এই দুই দেশকেই দেখা গেছে সেই রঙে। আর তাতেই বাঁধে বিপত্তি।
মানচিত্রে দেখা যায়, বাকি ভারতকে নীল রঙে দেখানো হলেও জম্মু ও কাশ্মীরসহ উত্তর-পূর্বের রাজ্যগুলো রয়েছে লাল রঙেই! তাছাড়া নীল রঙ মানে ভারত ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের সমর্থক।
ট্রাম্প আমলে চীনের সঙ্গে আমেরিকার সম্পর্ক তলানিতে পৌঁছেছে। বিশেষ করে কভিড-১৯ সংক্রমণের কবলে পড়ে গোটা বিশ্বে মহামারীর প্রকোপ দেখা দেওয়ার পর থেকে বারবার তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ট্রাম্প। এমনকি করোনা ভাইরাসকে ‘চীনা ভাইরাস’ বলেও কটাক্ষ করতে শোনা গেছে তাকে।
কিন্তু ভারতের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক এই মুহূর্তে খুবই ভালো। ভারতের সঙ্গে চীনের সীমান্ত সংঘাতের সময় দিল্লির প্রতি জোরালো সমর্থন দেন ট্রাম্প। তিনি বলেন, প্রয়োজন পড়লে ভারত-চীন সম্পর্ককে শোধরাতে আমেরিকা সাহায্য করতে পারে।
এরপরও ট্রাম্প-পুত্রের হিসেবে, ভারতও চীনের মতোই নীল রঙে রঞ্জিত। অর্থাৎ দুই দেশকেই দেখানো হয়েছে জো বাইডেনের সমর্থক হিসেবে।
অবশ্য অনেকে মনে করছেন, ইরান ভেবে ভুলে ভারতকে নীল রঙে রাঙিয়ে দিয়েছেন জুনিয়র ট্রাম্প। কারণ, ইরানের সঙ্গে সবচেয়ে খারাপ সম্পর্ক ট্রাম্প প্রশাসনের।
