সোনাগাজীতে অভিযান চালিয়ে ছোটবড় ১৬৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
গতকাল মঙ্গলবার শুরু হয়ে বুধবার দুপুর পর্যন্ত উপজেলার তিনটি বাজারে পরিচালিত এ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছলিমা শিরিন।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ফেনীর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নুর নবী জানান, পানি সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর, বাদামতলী ও মুহুরী প্রজেক্ট বাজারে অভিযান চালিয়ে ছোট বড় ১৬৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ইতিপূর্বে অবৈধ দখলদারদের একাধিক বার নোটিশ দেওয়া হলেও তারা অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ অভিযান চালানো হয়।
তবে ক্ষতিগ্রস্তরা জানান, ফেনী পানি উন্নয়ন বোর্ড থেকে লিজ নিয়ে তারা দোকানঘর তৈরি করে ব্যবসা করছেন। আগাম নোটিশ ছাড়াই তাদের ব্যবসা-প্রতিষ্ঠান উচ্ছেদ করায় অন্তত ৫ শতাধিক ব্যবসায়ী কর্মহীন হয়ে পড়েছে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ফেনীর সহকারী পরিচালক (ভূমি) মো. জহিরুল ইসলাম, শাখা কর্মকর্তা মো. মোশারফ হোসেন প্রমুখ।
