পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক লিমিটেডের আড়াই কোটি শেয়ার কিনবে ব্যাংকটির উদ্যোক্তা প্রতিষ্ঠান বাংলাদেশ রুর্যাল অ্যাডভান্সমেন্ট কমিটি (ব্র্যাক)। স্টক এক্সচেঞ্জের মূল বাজার থেকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে ওই পরিমাণের শেয়ার কিনবে ব্র্যাক। ব্র্যাক ব্যাংকের শেয়ার কেনার আবেদন গতকাল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সভায় অনুমোদন দেওয়া হয়েছে।
বর্তমানে ব্র্যাক ব্যাংকের পরিশোধিত মূলধন ১ হাজার ৩২৫ কোটি ৮৮ লাখ টাকা, যার ৪৪ দশমিক ২৭৯ শতাংশের মালিক হচ্ছে উদ্যোক্তা প্রতিষ্ঠান ব্র্যাক। ব্র্যাক যে পরিমাণের শেয়ার কেনার প্রস্তাব দিয়েছে, তা ব্র্যাক ব্যাংকের মোট শেয়ারের ১ দশমিক ৮৮ শতাংশ। গতকালের বাজারদর অনুযায়ী ব্র্যাক ব্যাংকের আড়াই কোটি শেয়ারের দাম ১০৬ কোটি ৭৫ লাখ টাকা।
গতকালের কমিশন সভা শেষে এসইসি জানিয়েছে, বাংলাদেশ রুর্যাল অ্যাডভান্সমেন্ট কমিটি (ব্র্যাক) বাজার থেকে পুঁজিবাজারে লেনদেনের মাধ্যমে ব্র্যাক ব্যাংকের ২৫ মিলিয়ন শেয়ার আগামী ৩০ নভেম্বরের মধ্যে কেনার জন্য আবেদন করে। এ আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন সার্বিক বিষয় বিবেচনায় আবেদনে উল্লিখিত সময়ের মধ্যে ওই শেয়ার ক্রয়ের ক্ষেত্রে অন্যান্য সিকিউরিটিজ আইন পরিপালন সাপেক্ষে (সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ) বিধিমালা ১৯৯৫-এর বিধি ৪, উপবিধি ২ এবং উল্লেখযোগ্য শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব গ্রহণ বিধিমালা ২০১৮-এর বিভিন্ন বিধি পরিপালন হতে কমিশন অব্যাহতি প্রদান করেছে। এর ফলে পুঁজিবাজার থেকে ব্র্যাক ব্যাংকের শেয়ার কিনতে ব্র্যাক এনজিওর আর কোনো বাধা রইল না।
