আখাউড়ায় সংবাদ সম্মেলন

সাবেক মেয়রের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ০২:২৮ এএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নূরুল হক ভূঁইয়ার বিরুদ্ধে এক পরিবারের বাড়ি ভাড়া নিয়ে ২০ বছর ধরে দখল করে রাখার অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে। গতকাল বুধবার সকালে আখাউড়া পৌর শহরের রাধানগরের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন বাড়ির মালিক আবুল কালাম চৌধুরী (৭২)।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আখাউড়া পৌর শহরের রাধানগরের আমার বাড়িটি ২০০১ সালের ২৪ জানুয়ারি আখাউড়া পৌরসভার তৎকালীন মেয়র নূরুল হক ভূঁইয়া মাসিক ১ হাহাজ ২০০ টাকায় ভাড়া নেন। প্রথম দিকে ৫-৬ মাস ভাড়া পরিশোধ করলেও এরপর তিনি ভাড়া দেওয়া বন্ধ করে দেন। দীর্ঘ দিন ভাড়া পরিশোধ না করায় ২০০২ সালে ভাড়া আদায় ও বাড়ি ছাড়ার বিষয়ে একটি সালিশ সভা হয়। কিন্তু ওই সালিশের সিদ্ধান্ত অনুযায়ী নূরুল হক ভূঁইয়া ভাড়া পরিশোধ না করে প্রায় ২০ বছর যাবৎ আমার কোটি টাকা মূল্যের বাড়িটি জোর করে দখল করে রেখেছেন।

আবুল কালাম চৌধুরী আরও বলেন, আমি বৃদ্ধ মানুষ। আমার ৫ ছেলেমেয়ে। এর মধ্যে ২ ছেলে ও ১ মেয়ে শারীরিক প্রতিবন্ধী। এক প্রতিবন্ধী ছেলে অর্থের অভাবে বিনা চিকিৎসায় মারা গেছে।

তিনি তার বাড়িটি উদ্ধারে সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

তবে নূরুল হক ভূঁইয়া বলেন, বাড়িটি ভাড়া নিয়েছিলাম সত্য। জায়গাটি অর্পিত সম্পত্তি জানার পর আমি জেলা পরিষদ থেকে এ জায়গাটি বন্দোবস্ত (লিজ) এনেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত