মার্কিন নির্বাচন: ভোট গণনা নিয়ে উত্তেজনা চরমে, বিক্ষোভ

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ০৩:৪৩ পিএম

ভোট গণনার উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রে বিক্ষোভ শুরু হয়েছে। নির্বাচনী ব্যাটলগ্রাউন্ড হিসেবে পরিচিত অঙ্গরাজ্যগুলোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের টানটান উত্তেজনার মধ্যে মাথাচাড়া দিয়ে উঠেছে বিক্ষোভ।

বিবিসি জানায়, পোর্টল্যান্ড,ওরেগনের প্রতিটি ভোট গণনার দাবিতে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সহিংস পরিস্থিতি ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় হয়েছে ন্যাশনাল গার্ড।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিক্ষোভ থেকে কিছু মানুষ বিচ্ছিন্ন হয়ে গিয়ে সিটি সেন্টারে কিছু দোকানের জানালা ভাঙচুর করেছে। একে 'দাঙ্গা' বলে উল্লেখ করেছে পুলিশ।

এদিকে মিনিয়াপোলিসে দুই শতাধিক বিক্ষোভকারী রাস্তা দখল করলে সেখান থেকে কয়েকজনকে আটক করেছে পুলিশ।

মার্কিন গণমাধ্যমগুলো বলছে, বিক্ষোভকারীরা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ভোট বন্ধের আহ্বানের বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন।

একই ধরনের বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া এবং শিকাগোতেও।

ডেট্রয়েটে ট্রাম্প সমর্থকেরা ভোট গণনা কেন্দ্রের বাইরে জড়ো হয়ে 'ভোট গণনা বন্ধ করো' বলে স্লোগান দিতে থাকে। সেসময় জানালা ভাঙচুর করে তারা। অ্যারিজোনার ফিনিক্সেও একই ধরনের ছোটখাটো বিক্ষোভ হয়েছে।

অ্যারিজোনার মেরিকোপা কাউন্টির একটি ভোট গণনা কেন্দ্রের বাইরে রিপাবলিকান সমর্থক বিক্ষোভকারীরা অবস্থান নেয়ার পর ভোট গণনা বন্ধ করবে নাকি করবে না- এমন দ্বিধায় পড়েছে কর্তৃপক্ষ।

ট্রাম্পের পক্ষে পড়া ভোট গণনা করা হবে না- সামাজিক যোগাযোগমাধ্যমে এমন দাবি ছড়িয়ে পড়ার পর ট্রাম্পের সমর্থকেরা ভোট গণনা কেন্দ্রের বাইরে অবস্থান নেয়।

অনেক বিক্ষোভকারী ভোটকেন্দ্রে ঢুকে পড়ার পর তাদের আবার বাইরে বের করে আনা হয়। কর্তৃপক্ষ স্থানীয় পুলিশ প্রশাসনকে ডাকলেও গণনাকারীরা তাদের গণনা বন্ধ করেনি।

দুই যুগ ধরে রিপাবলিকানের সমর্থনে থাকা অ্যারিজোনার ফল কি হবে তা এখনো ধারণা করা যাচ্ছে না। বৃহস্পতিবার বেলা ১২ টা পর্যন্ত মেরিকোপা কাউন্টির ৮২ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে, যেখানে জো বাইডেন এগিয়ে রয়েছেন। এখনো ৪ লাখ ভোট গণনা বাকি রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে অঙ্গরাজ্যটিতে নিজের জয়ের ব্যাপারে নিশ্চিত বাইডেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও উঠে এসেছে, অ্যারিজোনাতে জয় পেতে যাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী।

এদিকে ফক্স নিউজের হিসাব অনুযায়ী, ২৬৪টি ইলেক্টোরাল কলেজ ভোট নিয়ে চূড়ান্ত বিজয়ের কাছাকাছি বাইডেন। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ইলেক্টোরাল।

মার্কিন প্রেসিডেন্ট হওয়ার জন্য ৫৩৮টি ইলেক্টোরাল কলেজের জন্য লড়েছেন প্রার্থী দু’জন। জয় পেতে দরকার দুই-তৃতীয়াংশ ইলেক্টোরাল, অর্থাৎ ২৭০টি।

তবে নির্বাচনে নিজের জয় দাবি করে গুরুত্বপূর্ণ চারটি অঙ্গরাজ্যের ভোট গণনার উপর মামলা করেছেন ট্রাম্প। ফলে নির্বাচনী ফল প্রকাশ নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত