ইলেকট্রনিকস কোম্পানিতে বিনিয়োগের নামে চাঁপাইনবাবগঞ্জের ৭৯ জনের কাছ থেকে ২ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তামান্না লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবে ১০-১২ জন ভুক্তভোগী সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তামান্না লিমিটেডে বিনিয়োগকারী আবদুল মান্নান। এ সময় ভুক্তভোগীদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাটাইডুবির আবদুল মতিন, গোলাম মোস্তফা, শাহীবাগের আশরাফুল হক, ইউসুফ আলী, বেলেপুকুরের রফিকুল ইসলাম, মাটিলাপাড়ার নাইম উদ্দীন।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ১৯৯৬-৯৭ সালের দিকে যাত্রা শুরু করা তামান্না ইলেকট্রনিকস দেশের বিভিন্ন জেলায় টিভি, রেফ্রিজারেটর, মোটরসাইকেল, ফ্যানসহ ইলেকট্রনিকস সামগ্রীর শোরুম খুলে স্থানীয় প্রতিনিধির মাধ্যমে বিনিয়োগ সংগ্রহ শুরু করে। মোটা অঙ্কের লাভের আশায় তারা স্ট্যাম্পে চুক্তি করার পর ৭৯ জনের কাছ থেকে ২ কোটি ২২ লাখ টাকা সংগ্রহ করে। চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুর ইউনিয়নের চাটাইডুবি গ্রামের বাসিন্দা ও তামান্না লিমিটেডের কর্মকর্তা আতাউর রহমানের প্ররোচনায় তারা এ বিনিয়োগ করেন। কিন্তু ২০১৫ সালের দিকে শোরুম বন্ধ করে দিয়ে কোম্পানির লোকজন গা-ঢাকা দেয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, টাকা বিনিয়োগ করার পর প্রতি লাখে ব্যক্তিবিশেষে ১৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত লাভ দিয়েছে তামান্না লিমিটেড। কিন্তু শোরুম বন্ধের পর থেকে লাভ তো দূরের কথা, মূল টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগীরা। এ ব্যাপারে আতাউর রহমানের বক্তব্যের জন্য তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।
