বাইডেনকে ভোট দেওয়া ইহুদিরা ‘বিশ্বাসঘাতক’

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ১১:১৭ এএম

এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যেসব আমেরিকান ইহুদি ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন তাদের বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগ এনেছেন ইসরায়েলের সাবেক এক টেলিযোগাযোগ মন্ত্রী।

আইওব কারা নামে সাবেক ইসরায়েলি মন্ত্রী দেশটির সংখ্যালঘু দ্রুজ জাতিগোষ্ঠীর একজন সদস্য। গত বছর পর্যন্ত লিকুদ পার্টির হয়ে ইসরায়েলের আইনসভা নেসেটের সদস্য হিসেবে দায়িত্বপালন করেন তিনি। তার মতে, ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের জন্য ‘আমেরিকার সেরা প্রেসিডেন্ট’।

বৃহস্পতিবার কারা টুইটারে লিখেছেন, “খুবই হতাশ লাগছে যে, ৭২ শতাংশ আমেরিকান ইহুদির কোনো কৃতজ্ঞতাবোধ নেই। তারা জো বাইডেনকে বেছে নিয়েছে।”

“আমি আশা করছিলাম, তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন দেবে, যিনি এখন পর্যন্ত ইসরায়েলের পাওয়া আমেরিকার ইতিহাসে সবচেয়ে ভালো প্রেসিডেন্ট।”

ইহুদিপন্থী পোর্টাল জে স্ট্রিটের প্রতিবেদনে বলা হয়েছে, এবারের নির্বাচনে ৭৭ শতাংশ আমেরিকান ইহুদি ডেমোক্রেটিক প্রার্থী বাইডেনকে ভোট দিয়েছেন। ২১ শতাংশ ভোট দিয়েছেন ট্রাম্পকে।

বার্তা সংস্থা এপি’র হিসেবে বলা হয়েছে, ৬৮ শতাংশ ইহুদি ভোট দিয়েছেন বাইডেনকে। ট্রাম্পকে ভোট দিয়েছেন ৩০ শতাংশ।

অথচ, গত চার বছরে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থাপন, ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনের কূটনীতিক সম্পর্ক স্থাপনসহ ইহুদিদের অনুকূলে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। ভোটে তার প্রতি কোনো কৃতজ্ঞতাবোধ দেখাল না মার্কিন ইহুদি জনগোষ্ঠী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত