প্রবল স্রোতে উল্টে গিয়ে মাছ ধরার ট্রলার ডুবে এক জেলের মৃত্যু ও একজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের নিঝুমদ্বীপের পূর্ব পাশে সাগরদ্বীপের (দমার চর ) কাছে মেঘনা নদীতে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, নিখোঁজের দুই ঘণ্টা পর মেঘনা থেকে জেলে অমর চন্দ্র দাসের (১৭) মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। এ ঘটনায় মিলন চন্দ্র দাস (২০) নামক আরও এক জেলে নিখোঁজ রয়েছেন।
অমর দাস হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের আঠারোবেকি গ্রামের প্রেমলাল দাসের ছেলে।
নিখোঁজ মিলন চন্দ্র দাস একই এলাকার সূর্য মাঝির ছেলে।
জানা যায়, তমরদ্দি মাছঘাটের সুমন মাঝির মাছ ধরার ছোট ট্রলারটি বৃহস্পতিবার রাতে মাছ ধরতে নদীতে যায়। ট্রলারটি সাগরদ্বীপের কাছে নোঙর করে রাতে জেলেরা সবাই ঘুমিয়ে পড়েন। গভীর রাতে হঠাৎ জোয়ারের প্রবল স্রোতে ট্রলারটি উল্টে গেলে পাঁচ জেলে নদীতে পড়ে যান।
রাতে পাশে থাকা অন্য ট্রলারের লোকজন তিনজনকে জীবিত উদ্ধার করলেও বাকি দুইজন জেলে নিখোঁজ থাকেন।
শুক্রবার সকালে অমর চন্দ্র দাসের মৃতদেহ উদ্ধার করলেও মিলন দাসকে খুঁজে পাওয়া যায়নি।
এ ব্যাপারে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, দুপুরে জেলের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ জেলেকে উদ্ধারে খোঁজখবর নেওয়া হচ্ছে।
