রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কিছু উপসর্গ দেখে কয়েক জন বিশ্লেষক দাবি করেছেন তার পার্কিনসন রোগ হয়েছে। তাদের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য সান এবং নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, রোগটির কারণে তিনি সরকারি দায়িত্ব থেকে সামনের বছর পদত্যাগ করতে পারেন।
মস্কোর রাজনৈতিক বিশেষজ্ঞ ভালেরি সোলোভেইকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, ৬৪ বছর বয়সী পুতিনকে তার বান্ধবী আলিনা অবসরে যাওয়ার জন্য চাপ দিচ্ছেন।
পুতিনের সরে দাঁড়ানোর জল্পনার নেপথ্যে রয়েছে সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিও। সেই ভিডিওতে দেখা যায়, পুতিন ক্রমশ দুর্বল হয়ে পড়ছেন। ভিডিওতে পুতিনের চোখে অস্থিরতা দেখা যায়। তাছাড়া ফুটেজে দেখা যায়, একটি কাপ ধরার সময় তার হাতও কাঁপছে। মনে করা হচ্ছে সেই কাপে সম্ভবত ওষুধ ছিল।
সোলোভেই জানিয়েছেন, রুশ প্রেসিডেন্টের ওপর পরিবারের বেশ ভালো প্রভাব রয়েছে। আগামী জানুয়ারিতেই ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিতে পারেন তিনি।
প্রতিবেদন অনুসারে, পুতিনের সাম্প্রতিক ফুটেজে পা ধারাবাহিকভাবে কাঁপতে লক্ষ্য করেছেন পর্যবেক্ষকেরা। চেয়ারের হাতল ধরতে গিয়ে তাকে যন্ত্রণা অনুভব করতেও দেখা গেছে। কলম ধরতে গিয়ে তার আঙুল কাঁপতে দেখা যায়।
পুতিনের রাষ্ট্রপতি পদ ছাড়ার বিষয়টি এমন সময় প্রকাশ্যে এসেছে, যখন তার সামনে প্রতিদ্বন্দ্বী কেউ নেই। রাশিয়াতে ইতিমধ্যে এমন আইন আনার প্রস্তাব করা হয়েছিল যা পাশ হলে পুতিনকে রাশিয়ার মসনদ থেকে কখনই সরানো যাবে না।
রাশিয়ার আইনপ্রণেতারা যেকোনো ফৌজদারি মামলা থেকে সাবেক প্রেসিডেন্টদের অব্যাহতি দান সংক্রান্ত একটি আইনের বিবেচনাও করছেন। এরইমধ্যে পুতিনের এই অবসরের জল্পনার বিষয়টি সামনে এসেছে।
পারকিনসন রোগ কী?
পারকিনসন রোগ হলে মস্তিষ্কের কোষ ভাঙতে শুরু করে। এর জেরে মস্তিষ্ক সব বার্তা গ্রহণ করতে পারে না এবং কাজ করা বন্ধ করে দেয়। এই রোগের জেরে দেহে কাঁপুনি ও ভারসাম্যহীনতা লক্ষ্য করা যায়। এর জেরে রোগীর পক্ষে হাঁটা চলা করা খুব কঠিন হয়ে পড়ে।
