সাঁওতাল ‘হত্যা’ দিবস

গাইবান্ধা-দিনাজপুরে বিক্ষোভ ও সমাবেশ

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ১১:১৫ পিএম

সাঁওতালপল্লীতে হামলা, অগ্নিসংযোগ, লুটপাটের প্রতিবাদ ও তিন সাঁওতাল হত্যার চতুর্থবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যা দিবস পালিত হয়। এ উপলক্ষে নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, মোমবাতি প্রজ¦ালন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন দাবিসংবলিত ব্যানার, ফেস্টুন শোভিত বিক্ষোভ মিছিল সাঁওতালপল্লী-অধ্যুষিত জয়পুর ও মাদারপুর গ্রাম থেকে বের হয়ে কাঁটামোড় হয়ে উপজেলা শহীদ মিনারে শেষ হয়। এ ছাড়া একই দিন দুপুরে এ উপলক্ষে দিনাজপুর প্রেস ক্লাবের সামনেও মানববন্ধন হয়েছে। গাইবান্ধার কর্মসূচিতে বক্তারা বলেন, ঘটনার চার বছর পার হলেও মামলার উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। পিবিআই তদন্ত করে গত বছরের ২৩ জুলাই ৯০ জন আসামির বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। কিন্তু মূল আসামিসহ ১১ জনকে আসামির শ্রেণিভুক্ত না করায় ভিকটিম (বাদীপক্ষ) নারাজি দিলে ওই বছরের ২৩ ডিসেম্বর মামলাটির তদন্তভার পুনরায় সিআইডিকে দেওয়া হয়। সিআইডির ঢিলেঢালা তদন্ত কার্যক্রম ও কার্যকর তদন্ত না করায় ভিকটিম আদিবাসী সাঁওতালরা চরম হতাশা ব্যক্ত করেছেন। নিহত ও ভুক্তভোগীর স্বজনদের আশা, সিআইডি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে প্রকৃত আসামিসহ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

দিনাজপুরের মানববন্ধনে বক্তারা বলেন, ‘আদিবাসীরাও মানুষ। এই স্বাধীন রাষ্ট্রে সবার মতো আদিবাসীদেরও বাঁচার অধিকার আছে। মহান মুক্তিযুদ্ধেও আদিবাসীদের অবদান রয়েছে। আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশন গঠন করে তাদের জমি রক্ষা করতে হবে। গাইবান্ধার বাগদা ফার্মের তিন সাঁওতাল হত্যার বিচার দ্রুত করতে হবে। সারা দেশে আদিবাসীদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে। আদিবাসীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠা করতে হবে।’

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৬ নভেম্বর বিনা নোটিসে পুলিশ, প্রশাসন ও স্থানীয় প্রভাবশালীদের দ্বারা উপজেলার জয়পুর ও মাদারপুর গ্রামে সাঁওতাল নৃ-গোষ্ঠীদের বসতবাড়ি উচ্ছেদ করে রংপুর সুগার মিলস কর্র্তৃপক্ষ। অভিযানে হামলা, বসতবাড়ি ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই সময় গুলি ও নির্যাতনে শ্যামল হেমরম, মঙ্গল মার্ডি ও রমেশ টুডু নামে তিন সাঁওতাল নৃ-গোষ্ঠী নিহত ও অনেকেই গুরুতর আহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত