ডাকাত সন্দেহে গণপিটুনি, যুবক নিহত

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ১১:১৫ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ইলুমদী আমবাগ নামক এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩৫-৪০ বছর হবে।

স্থানীয়রা জানান, কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ইলুমদীর আমবাগ এলাকায় ডাকাত দলের কবলে পড়েন স্থানীয় খাগকান্দা ইউনিয়ন যুবলীগ সভাপতি মাহবুবুর রহমানের ভাই আরমান হোসেন। একপর্যায়ে অস্ত্রের মুখে জিম্মি করে তার মোটরসাইকেলটি ছিনিয়ে নেয় ডাকাতরা। তবে বাইকটি চালু না হওয়ায় পরে ডাকাত বলে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে ডাকাতদের ধাওয়া করে। একপর্যায়ে ডাকাত দলের এক সদস্যকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত