পুতিনের পদত্যাগের খবর ভুয়া: ক্রেমলিন

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ১১:৫৫ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পদত্যাগের খবর ভুয়া বলে দাবি করেছে ক্রেমলিন। এর আগে ব্রিটিশ গণমাধ্যম দ্য সান দাবি করে, ভ্লাদিমির পুতিনের পার্কিনসন রোগ হয়েছে। 

দ্য সান এবং নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, রোগটির কারণে তিনি সরকারি দায়িত্ব থেকে সামনের বছর পদত্যাগ করতে পারেন।

তবে ক্রেমলিন শুক্রবার এ খবর উড়িয়ে দিয়েছে। রয়টার্সের খবরে বলা হয়, ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছেন, এসব খবর একদমই মিথ্যা। প্রেসিডেন্টের সব কিছু ভালো আছে। তার পদত্যাগের কোনো সম্ভাবনা নেই। 

মস্কোর রাজনৈতিক বিশেষজ্ঞ ভালেরি সোলোভেইকে উদ্ধৃত করে সানের প্রতিবেদনে বলা হয়েছে, ৬৪ বছর বয়সী পুতিনকে তার বান্ধবী আলিনা অবসরে যাওয়ার জন্য চাপ দিচ্ছেন।

পুতিনের সরে দাঁড়ানোর জল্পনার নেপথ্যে রয়েছে সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিও। সেই ভিডিওতে দেখা যায়, পুতিন ক্রমশ দুর্বল হয়ে পড়ছেন। ভিডিওতে পুতিনের চোখে অস্থিরতা দেখা যায়। তাছাড়া ফুটেজে দেখা যায়, একটি কাপ ধরার সময় তার হাতও কাঁপছে। মনে করা হচ্ছে সেই কাপে সম্ভবত ওষুধ ছিল।

সোলোভেই জানিয়েছেন, রুশ প্রেসিডেন্টের ওপর পরিবারের বেশ ভালো প্রভাব রয়েছে। আগামী জানুয়ারিতেই ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিতে পারেন তিনি।

প্রতিবেদন অনুসারে, পুতিনের সাম্প্রতিক ফুটেজে পা ধারাবাহিকভাবে কাঁপতে লক্ষ্য করেছেন পর্যবেক্ষকেরা। চেয়ারের হাতল ধরতে গিয়ে তাকে যন্ত্রণা অনুভব করতেও দেখা গেছে। কলম ধরতে গিয়ে তার আঙুল কাঁপতে দেখা যায়।

পুতিনের রাষ্ট্রপতি পদ ছাড়ার বিষয়টি এমন সময় প্রকাশ্যে এসেছে, যখন তার সামনে প্রতিদ্বন্দ্বী কেউ নেই। রাশিয়াতে ইতিমধ্যে এমন আইন আনার প্রস্তাব করা হয়েছিল যা পাশ হলে পুতিনকে রাশিয়ার মসনদ থেকে কখনই সরানো যাবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত