অভিযোগের ব্যবস্থা না নেওয়ায় শ্রমিকদের পুলিশ ফাঁড়ি ঘেরাও

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ০১:৫১ এএম

সাভারে বিরুলিয়া এলাকায় তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করে মালামাল নিয়ে অমর ফ্যাশন লিমিটেড কারখানার মালিক পালিয়ে যাওয়ায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শ্রমিকরা। এ ঘটনায় পুলিশ তিন দিন পার হয়ে গেলেও ব্যবস্থা না নেওয়ায় গতকাল শুক্রবার বিরুলিয়া পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছেন কারখানাটির শ্রমিকরা।

এর আগে গত সোমবার রাতে কারখানার ৬৯ শ্রমিকের পক্ষে শফিকুল ইসলামসহ ৬ জন থানায় লিখিত অভিযোগটি করেন। লিখিত অভিযোগ থেকে জানা যায়, সাভারের বিরুলিয়া এলাকার ‘অমর ফ্যাশন লিমিটেড’ পোশাক কারখানার মালিক মোসাদ্দেক হোসেন শ্রমিকদের আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরের বেতন-ভাতা পরিশোধ করা নিয়ে টালবাহানা করে আসছিলেন। দেই-দিচ্ছি বলে শ্রমিকদেরকে ২৫ অক্টোবর পর্যন্ত কাজ করিয়ে পরদিন রাতে শিপমেন্টের মালামাল ও শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতনের ২১ লাখ টাকা নিয়ে পালিয়ে যান। পরদিন শ্রমিকরা কাজে যোগদান করতে গিয়ে মূল ফটকে তালাবদ্ধ দেখতে পান।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন জানান, বেতন-ভাতা না পেয়ে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। প্রশাসন ও সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, মালিককে বের করে শ্রমিকের বেতন দেওয়ার ব্যবস্থা করা হোক।

সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ি ইনচার্জ (এসআই) অপূর্ব দত্ত বলেন, এ ব্যাপারে শ্রমিকরা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানে কাজ করছি। কিন্তু বিক্ষুব্ধ শ্রমিকরা বিষয়টি না বুঝে মিছিল নিয়ে ফাঁড়িতে আসেন। পরে বুঝিয়ে বলা হলে তারা শান্তিপূর্ণভাবে চলে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত