চুয়াডাঙ্গায় ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কুশপুত্তলিকা দাহের সময় দুই শিশুসহ তিনজন অগ্নিদগ্ধ হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। গত শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলো নেহালপুর গ্রামের রবগুল হোসেনের ছেলে মিলন হোসেন (২৫), হাসমত আলীর ছেলে রাফি (৭) ও শৈলমারী গ্রামের হামিদুল্লাহ্র ছেলে রহমতুল্লাহ (১১)।
স্থানীয়রা জানায়, শুক্রবার জুমার নামাজের পর চুয়াডাঙ্গার নেহালপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফ্রান্সবিরোধী বিক্ষোভের আয়োজন করে সাধারণ মুসল্লিরা। সেখানে তিনটি গ্রামের কয়েকশ মুসল্লি অংশ নেয়। বিক্ষোভ শেষে ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কুশপুত্তলিকা দাহ করা হয়। এ সময় পুত্তলিকার আগুনে দগ্ধ হয় মিলন, রাফি ও রহমতুল্লাহ। পরে তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদের মধ্যে মিলনের শরীরে অর্ধেকাংশ ঝলসে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।
