ঝালকাঠি জেলা কারাগারে ইমরান হোসেন একরাম (২৯) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
রবিবার সকাল সোয়া এগারটার দিকে জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
ইমরান হোসেন একরাম একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় চার বছর পর্যন্ত জেলা কারাগারে ছিলেন। ইমরান জেলার রাজাপুর উপজেলা রোলা গ্রামের আবুল বাশার হাওলাদারের ছেলে।
ঝালকাঠি জেলা কারাগারের জেলার জান্নাতুল ফরহাদ বলেন, সকাল নয়টার দিকে হাজতী ইমরানের কার্ডিয়াক অ্যাটাক হয়। প্রথমে ইমরানকে আমাদের কারাগার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে সকাল দশটার দিকে ইমরানকে ঝালকাঠি সদর হাসপালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া এগারটর দিকে তার মৃত্যু হয়।
হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে হাজতে থাকা ইমরান ২০১৭ সালের ৫ অক্টোবর থেকে ঝালকাঠি কারাগারে ছিলেন। বর্তমানে ঝালকাঠি জেলা জজ অদালতে মামলাটি বিচারাধীন।
প্রসঙ্গত, মেয়েকে উত্তক্ত করার প্রতিবাদ করায় জেলার রাজাপুর উপজেলার বারবাকপুর মাধ্যমিক বিদ্যালয়ের কর্মচারী ফয়জুল ইসলাম ওরফে কুট্টি মৃধা নামে এক বাবাকে সেলুনে চুল কাটার সময় ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর ক্রিকেটের ব্যাট দিয়ে পিটিয়ে আহত করে ইমরান।
আহত কুট্টি মৃধাকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় এবং সেখানে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর কুট্টি মৃধার মৃত্যু হয়।
