জয়পুরহাটে ড্যান্স গ্রুপ প্রতিষ্ঠানের আড়ালে দরিদ্র ও অসহায় তরুণীদের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক পতিতাবৃত্তিতে লিপ্ত করাসহ প্রতারণার অভিযোগে স্থানীয় মডার্ন ড্যান্স গ্রুপের পরিচালক এবং তরুণীকে গ্রেপ্তার করেছে র্যাব। এ ছাড়া জিম্মি করা ৪ জনকে উদ্ধার করা হয়েছে।
গত শনিবার রাতে শহরের জামালগঞ্জ রোড প্রফেসরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার এবং উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মডার্ন ড্যান্স গ্রুপের পরিচালক ও শহরের গুলশান মোড় এলাকার সুমন আহম্মদ (২৯), তার স্ত্রী মৌসুমী আক্তার (২০) ও তাঁতীপাড়া গ্রামের মিনু আক্তার (১৯)।
র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক এএসপি মোহাইমেনুর রশিদ জানান, অভিযানে গোপন ভিডিও তৈরির জন্য রাখা ক্যামেরা স্ট্যান্ড, মুখোশ, কনডম, যৌন উত্তেজক সিরাপের বোতল, পেনড্রাইভ, প্রতারণার মাধ্যমে আদায় করা টাকা জব্দ করা হয়। এ ছাড়া জিম্মি করে রাখা ৪ জনকে উদ্ধার করে তাদের গ্রেপ্তার দেখানো হয়। তাদের বিরুদ্ধে জয়পুরহাট থানায় মামলা করা হয়েছে।
