টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে ট্রাকের চালক ও বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
সোমবার সকাল ছয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রসুলপুর সবুর ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামাল হোসেন জানিয়েছেন।
নিহতরা হলেন- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তেলিয়া গ্রামের মৃত আজহার আলীর ছেলে শাহ আলম হোসেন সেলিম (৪০) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার নরুল্যাপুর গ্রামের নুর ইসলাম শেখের ছেলে মিজানুর রহমান শেখ (২৮)।
ঘটনাস্থলে থাকা টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে থানার এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির এসআই মো. মতিউর রহমান বলেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও বাসের সুপারভাইজার নিহত হন। আহত হন অন্তত দশজন। নিহতদের লাশ এলেঙ্গা পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাস ও ট্রাক জব্দ করে এলেঙ্গা ফাঁড়িতে আনা হয়েছে।
এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এসআই মতিউর রহমান।
