বায়ু দূষণ রাখতে দিল্লিতে বাজি-পটকা নিষিদ্ধ

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ০৩:৪৮ পিএম

বায়ু দূষণ রুখতে ভারতের রাজধানী দিল্লিতে আতশবাজি নিষিদ্ধ করেছে জাতীয় পরিবেশ আদালত। নিষেধাজ্ঞা জারি থাকবে ৩০ নভেম্বর পর্যন্ত।

সোমবার মধ্যরাত থেকেই দিল্লি ও সংলগ্ন অন্তত ২৪টি জেলায় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা হয় সব রকম বাজি-পটকা।

আনন্দবাজার জানায়, তবে শুধু দিল্লি নয়, দূষণের মাত্রা বেশি এমন শহরগুলোতেও বেশ কিছু বিধিনিষেধ আরোপের নির্দেশ দিয়েছে পরিবেশ আদালত। সক্রিয় হওয়ার কথা বলেছে রাজ্যগুলোর দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকেও।

দূষণ নিয়ে জনস্বার্থ মামলায় কয়েক দিন আগেই রাজ্যের সর্বত্র সব ধরনের বাজি নিষিদ্ধ ঘোষণা করে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই পথে হেঁটে সোমবার বাজি নিয়ে কড়া অবস্থান নিল জাতীয় পরিবেশ আদালতও।

দিল্লি এবং ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন (এনসিআর) এলাকায় দেওয়ালির প্রায় এক সপ্তাহ আগেই সব ধরনের বাজি পোড়ানো নিষিদ্ধ ঘোষণা করল। পুরো নভেম্বর মাসজুড়ে আর কোনো বাজিই পোড়ানো যাবে না।

এই নিষেধাজ্ঞা মূলত রাজধানী দিল্লির কথা মাথায় রেখে দেওয়া হলেও দেশের আরও বেশ কিছু শহরেও কার্যকর করার কথাও বলেছে পরিবেশ আদালত।

রায়ে বলা হয়েছে, ‘গত বছর নভেম্বরে যে সব শহরে বাতাসের গুণমান খারাপ বা খুব খারাপ ছিল, সেই সব শহরেও এই নির্দেশিকা থাকবে।’

আবার যে শহরগুলোতে বায়ু দূষণের মাত্রা মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, সেখানেও শুধু ‘গ্রিন বাজি’ পোড়ানোর অনুমতি দেওয়া হবে বলে এতে উল্লেখ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত