ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাঁচ বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে তোফায়েল মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আখাউড়া থানা পুলিশ।
এ ঘটনায় রবিবার দুপুরে শিশুটির মা বাদী হয়ে আখাউড়া থানায় তোফায়েল মিয়াকে আসামি করে মামলা করেছেন।
তোফায়েল মিয়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের আবেদ আলীর ছেলে। তিনি আখাউড়া পৌরশহরের কলেজপাড়া এলাকার ভাড়াটিয়া বাসিন্দা। পেশায় তিনি একজন মাছ বিক্রেতা।
থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে কলেজপাড়ায় বাসার পাশে এক দোকান থেকে বাড়িতে ফিরছিল শিশুটি। তোফায়েল শিশুটিকে একা পেয়ে তার ঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ আনা হয়।
তবে তোফায়েল মিয়ার পরিবারের দাবি, তাকে মিথ্যা অভিযোগে ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে। তার ছোট ছোট চার কন্যা শিশু রয়েছে। তিনি এমনটা কিছুতেই করতে পারেন না। সঠিক তদন্তের মাধ্যমে সুবিচার আশা করছেন তোফায়েলের পরিবার।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহম্মদ নিজামী বলেন, ওই শিশুর মা থানায় মামলা দায়ের করেছেন। আজ সোমবার তোফায়েল কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
