আ.লীগের ১৭, বিএনপির ৫ প্রার্থীর তালিকা কেন্দ্রে

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ১১:০৫ পিএম

ফরিদপুর পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন লাভের উদ্দেশ্যে ১৮ জন আবেদন করেছেন। এদের মধ্যে বর্তমান মেয়র মাহতাব আলী মেথুর নাম বাদ দিয়ে ১৭ জনের একটি তালিকা কেন্দ্রে পাঠিয়েছে জেলা আওয়ামী লীগ। অন্যদিকে, বিএনপি থেকে এ নির্বাচনে অংশ নেওয়ার জন্য দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পাঁচজন। আগামী ১০ ডিসেম্বর এ পৌরসভায় ভোট।

জেলা আওয়ামী লীগের সুপারিশকৃত ১৭ জন হলেন জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভী মাসুদ, যুগ্ম সম্পাদক ঝর্ণা হাসান, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক অমিতাভ বোস, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার মঞ্জুর আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি খলিফা কামালউদ্দিন, কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য সাইফুল আহাদ সেলিম, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সভাপতিম-লীর সদস্য ফারুক হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম নীরু, জেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক শাহ আলম মুকুল, সাবেক সদস্য মনিরুল হাসান মিঠু, দপ্তর সম্পাদক অনিমেষ রায়, সদস্য জিয়াউল হাসান মিঠু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস রাশেদুজ্জামান রেশাদ, সাবেক ক্রীড়া সম্পাদক জামালউদ্দিন কানু, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মনির হোসেন ও তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক শাহ ইসতিয়াক আরিফ।

অপরদিকে, বিএনপির দলীয় মনোনয়ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন পাঁচজন। এরা হলেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, শহর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, সাবেক সাধারণ সম্পাদক একে কিবরিয়া স্বপন ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এএফএম কাইয়ুম জঙ্গি।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন বলেন, সম্প্রতি শহর আওয়ামী লীগের সুপারিশের ভিত্তিতে দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৩ জনকে বহিষ্কারের সুপারিশ পাঠানো হয়েছে কেন্দ্রে, যার মধ্যে মেথুর নামও রয়েছে। এজন্য তার নাম সুপারিশ করা হয়নি।

এ বিষয়ে মাহতাব আলী মেথু বলেন, জেলা আওয়ামী লীগে আলোচনা ছাড়াই ১৩ জনের বহিষ্কারের সুপারিশ করা হয়েছিল, তার কোনো কার্যকারিতা নেই।

শহর বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিরাজ বলেন, যে পাঁচজন দলের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের তালিকা কেন্দ্রে পাঠিয়েছি।

প্রসঙ্গত, দীর্ঘ ৯ বছর পর আগামী ১০ ডিসেম্বর ফরিদপুর পৌরসভার নির্বাচন। মেয়র, সংরক্ষিত ওয়ার্ডের ৯ জন কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ডের ২৭ জন কাউন্সিলর পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত