সন্তানের মা হয়েছে পরিচয় না পাওয়া মানসিক ভারসাম্যহীন এক কিশোরী। গত রবিবার রাত ৯টার দিকে কিশোরগঞ্জ আড়াইশ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্বাভাবিক প্রক্রিয়ায় মেয়ে সন্তানের জন্ম দেয় সে।
এমন তথ্য নিশ্চিত করেছেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান। ওই শিশু ও নবজাতক উভয়ই সুস্থ আছে বলেও তিনি জানিয়েছেন।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন শাহনাজ বলেন, গত ২৯ অক্টোবর থেকে পরিচয় না পাওয়া আনুমানিক ১৪ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন ওই শিশু অন্তঃসত্ত্বা অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিল। পরে তাকে সদরের আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার একটি মেয়ে সন্তানের জন্ম দেয় সে।
প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর পুলিশের সহায়তায় মানসিক ভারসাম্যহীন ওই শিশুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।
