জয়পুরহাট জেলা বিএনপির কমিটি বাতিলের দাবি

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ১১:১০ পিএম

জয়পুরহাট জেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির নেতারা। গতকাল সোমবার বেলা ১১টার দিকে জয়পুরহাট প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সহ-সভাপতি গোলাম মোস্তফা, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ফয়সাল আলীম, জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন মন্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করে চলতি বছরের ২ নভেম্বর মেয়াদ উত্তীর্ণের কাতারে ফেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠিতে শামছুল হককে আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। আন্দোলন সংগ্রামের নেতাকর্মীদের বাদ দিয়ে যে কমিটি দেওয়া হয়েছে তা অবিলম্বে বাতিল করাসহ দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। জেলা বিএনপির আহ্বায়ক শামছুল হক দেশ রূপান্তরকে বলেন, বর্তমান কমিটিতে কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপিদের নাম নেই। তাদের ব্যাপারে হাইকমান্ড জানে। এখানে আমার কিছু করার নেই। আমরা তাদের সঙ্গে আলোচনা করতে পারি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত