বদির দুই ভাইসহ ২১ ইয়াবা কারবারির জামিন

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ১১:১৭ পিএম

টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদির দুই ভাইসহ আত্মসমর্পণকারী একুশ ইয়াবা কারবারির জামিন হয়েছে। কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল ২১ জন ইয়াবা কারবারিকে জামিন দেন।

বদির দুই ভাই হলেন আবদুর শুক্কুর ও আমিনুর রহমান প্রকাশ আবদুল আমিন।

কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল গত ৩ নভেম্বর তাদের জামিন প্রদান করেন। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানা গেছে।

জামিন পাওয়া অন্যরা হলো– নুরুল বশর কাউন্সিলর প্রকাশ নওশাদ, মো. হাবিবুর রহমান প্রকাশ নুর হাবিব, মো. শাহেদ রহমান নিপু, ফয়সাল রহমান, মারুফ বিন খলিল প্রকাশ বাবু, রেজাউল করিম মেম্বার, মং অং থেইন প্রকাশ মমচি, শামসুল আলম প্রকাশ শামসু মেম্বার, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ আলম, মো. জুহুর আলম, বোরহান উদ্দিন, নুর মোহাম্মদ, শফিকুল ইসলাম, কামরুল হাসান রাসেল, শামসুল আলম শামূম, হোছাইন আহমদ, মোহাম্মদ আয়ুব।

সূত্র জানান, জামিন পাওয়া ব্যক্তিরা অন্য মামলায় গ্রেপ্তার না থাকলে কারাগার থেকে মুক্তি পেতে পারে। এর আগে হাইকোর্ট থেকে আরও চারজন জামিনে মুক্তি পেয়েছেন। এ নিয়ে মোট ২৬ জন আসামি জামিন হলো।

অপরদিকে, কারাগারে থাকা একই মামলায় আরও ৪৭ জন আসামি সোমবার ৯ নভেম্বর জেলা ও দায়রা জজ আদালতে জামিন চেয়ে আবেদন করেছিল। জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল মামলার পরবর্তী ধার্য দিন আগামী ২২ নভেম্বর এই জামিন আবেদনসমূহ শুনানির জন্য রেখেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৬ নভেম্বর ১০২ জন আত্মসমর্পণের ঘটনায় ৩ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং ৩০টি দেশীয় তৈরি এলজি ও ৭০টি কারতুজ উদ্ধার দেখানো হয়। উদ্ধারকৃত মালামাল নিয়ে আত্মসমর্পণকারীদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত