ইরাকের রাজধানী বাগদাদের পশ্চিমের এক সেনা তল্লাশিচৌকিতে সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট একটি গোষ্ঠীর হামলায় সেনাসদস্যসহ ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে এএফপি। গত রবিবারের ওই বন্দুক হামলায় আহত হয়েছেন আটজন।
নগরীর আল-রাদওয়ানিয়া এলাকায় চারটি গাড়িতে করে এসে বন্দুকধারীরা গ্রেনেড ও গুলি ছোড়া শুরু করলে এই হতাহতের ঘটনা ঘটে। হামলার তথ্য নিশ্চিত করেছেন দেশটির পুলিশ ও হাসপাতাল কর্মকর্তারা। হামলাটি যেখানে হয়েছে তার পাশেই বাগদাদ বিমানবন্দরের অবস্থান।
দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ‘পর্যবেক্ষণ টাওয়ারে আইএসের হামলায় আদিবাসী নিরাপত্তা বাহিনীর (এই বাহিনীটি সরকারি পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয়) পাঁচ সদস্য এবং স্থানীয় ছয় বাসিন্দা নিহত হন। হামলার শিকার সেনাসদস্যদের সহযোগিতা করতে এসে প্রাণ হারান তারা।’
হাসপাতালের এক কর্মকর্তাও এএফপিকে ১১ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে আহত আটজনকে সেন্ট্রাল বাগদাদের একটি হাসপাতালে স্থানান্তর করার কথা জানিয়েছেন। তবে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে হামলার জন্য আইএসকে দায়ী করা হলেও জঙ্গিগোষ্ঠীটি এখনো এই হামলার দায় স্বীকার করেনি।
