৫০০ টাকার গরমিল

স্ত্রীকে মারধরের পর শ্বাসরোধে হত্যা, স্বামীসহ গ্রেপ্তার ২

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ০৫:২৩ এএম

নীলফামারীর কিশোরগঞ্জে ৫০০ টাকার জন্য মিনা বেগম (৪০) নামে এক নারীকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রণচণ্ডী ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত মিনার স্বামী হাফিজুল ইসলাম (৪৫) ও তার প্রতিবেশী চাচা নাজিম উদ্দিনকে (৫৫) গ্রেপ্তার করেছে। পরে গতকাল সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

মিনার বাবা এনামুল হকের অভিযোগ, হাফিজুল পেশায় একজন কাঠ ব্যবসায়ী। বিভিন্ন সময়ে ব্যবসার টাকা মিনার কাছে জমা রাখত। সে-ও সরল বিশ্বাসে টাকা না গুনে রাখত। রবিবার জমানো টাকা ফেরত চাইলে বের করে দেয় মিনা। কিন্তু ৫০০ টাকা কম হওয়ার অজুহাতে বেধড়ক মারপিটের পর গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করে হাফিজুল। ঘটনা ভিন্ন খাতে প্রবাহের জন্য সে তার চাচা নাজিম উদ্দিনের পরামর্শে হাসপাতালে এনে মিনার লাশ ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় হাফিজুল ও প্রতিবেশী চাচা নাজিম উদ্দিনকে আসামি করে রাতেই কিশোরগঞ্জ থানায় মামলা করেছেন বলে জানান এনামুল। এনামুল হক বলেন, ‘মেয়ে ও নাতি-নাতনিদের সুখের জন্য তাদের বাড়ির সামনে সম্প্রতি একটি মুদিদোকান করে দিই। আশা করেছিলাম হাফিজুলের ও মুদিদোকানের আয় থেকে তারা সুখে দিন কাটাবে। কিন্তু আমার সে আশা আর পূরণ হলো না।’

এলাকাবাসী জানান, মিনার সঙ্গে হাফিজুলের ১৮ বছর আগে বিয়ে হয়। জমানো টাকা কম পড়ার বিষয় নিয়ে রবিবার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাধলে ওই হত্যার ঘটনা ঘটে। কিশোরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মো. আবদুল আউয়াল বলেন, মিনার লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মিনার বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। ওই মামলায় হাফিজুল ও নাজিমকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন হাফিজুল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত