বগুড়ায় ৫৭ হাজার হেক্টর জমিতে আলু রোপণের লক্ষ্যমাত্রা

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ১২:১৫ পিএম

জেলায় ৫৭ হাজার হেক্টর জমিতে আলু রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ লাখ ৫৫ হাজার ৭০ মেট্রিক টন। যা গত বছরের চেয়ে ২ হাজার হেক্টর মেট্রিক টন বেশি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক শাহাদুজ্জামান জানান, গত বছর ৫৫ হাজার হেক্টর জমিতে আলু উৎপাদন হয়েছিল ১২ লাখ ২৫ হাজার মেট্রিক টন।

এবার আলু উৎপাদন যে কোন সময়ের চেয়ে বেশি হতে পারে বলে ধারণা করছেন জেলার কৃষি কর্মকর্তারা, ১৩ লাখ মেট্রিক টন ছাড়িয়ে যেতে পারে।

গত মৌসুমে আলু ভালো দাম পাওয়ায় চাষিরা আলু উৎপাদনের দিকে ঝুঁকেছে। ডায়মন্ড, পাকরি, কাজললতা ও কার্ডিলালসহ দেশি ও উন্নত জাতের আলু লাগানো হচ্ছে।

সোমবার পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার হেক্টর জমিতে আলু চাষ করেছে কৃষকেরা। নভেম্বর ও ডিসেম্বর চলবে আলু রোপণ। ডায়মন্ড জাতের আলু ৭০-৭৫ দিনের মধ্যে তুলে বাজারজাত করা সম্ভব বলে জানিয়েছেন কৃষি বিভাগের কর্মকর্তা ও কৃষকেরা।

বগুড়ায় এবার বীজ আলুর প্রয়োজন হবে ৮৫ হাজার ৬০০ মেট্রিক টন। জেলায় কোন বীজ সংকট নেই বলে জানায় জেলা কৃষি বিভাগ। বিএডিসির কোল্ড স্টোরে বীজ আলু আছে প্রায় ৫ হাজার মেট্রিক টন, কোল্ড স্টোরে আছে প্রায় ৫৫ হাজার মেট্রিক টন।

আলু সংরক্ষণের জন্য আরও নতুন দুটি হিমাগার হয়েছে। এ নিয়ে জেলায় হিমাগারের সংখ্যা দাঁড়ালো ৩৭। সেখানে সংরক্ষিত হবে ৩ লাখ মেট্রিক টন আলু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত