মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ রোধে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে শহরের হাসান আলীর মাঠ, ইলিশ চত্বর, বাবুরহাট বাজার ও ওয়ারলেস বাজার মোড় এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই অভিযান পরিচালনা করেন।
দুপুর ১২টা পর্যন্ত চলা আড়াই ঘণ্টাব্যাপী এই অভিযানে মাস্ক না পরার দায়ে ১৪৩ জনকে মোট ১৬ হাজার ২শ’ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে আমাদের এই অভিযান চালানো হচ্ছে। আমরা করোনার শুরু থেকেই জেলা প্রশাসক মো. মাজেদুর রহমানের নেতৃত্বে সাধারণ জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি করোনা সংক্রমণরোধে কাজ করে চলছি।
তিনি বলেন, শীতে করোনার দ্বিতীয় ঢেউ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। তাই অসচেতন জনসাধারণকে মাস্ক পরতে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালাচ্ছি। শহরের ৪টি স্থানে অভিযান চালিয়ে ১৪৩ জনকে মাস্ক না পরার দায়ে ১৬ হাজার ২শ’ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
চাঁদপুর জেলা সিভিল সার্জন ডা. মো. শাখাওয়াত উল্লাহ’র দেওয়া তথ্যমতে, বর্তমানে চাঁদপুরে ৮২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে গতকাল ৪৬টি রিপোর্টের মধ্যে ৬ জনের করোনা পজিটিভ আসে।
এখন পর্যন্ত জেলায় মোট ২ হাজার ৪৫৮ জন করোনা আক্রান্ত হয়েছেন।
এদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন ২ হাজার ২৯৮ জন। জেলায় ৭৮ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
