সিনহা হত্যা মামলা বাতিল চেয়ে রিভিশন মামলার গ্রহণযোগ্যতার শুনানি ১৩ ডিসেম্বর

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ০২:১৮ পিএম

মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলা বাতিল চেয়ে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে দায়ের করা রিভিশন আবেদনটির গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি আবারও পিছিয়েছে। আগামী ১৩ ডিসেম্বর শুনানির জন্য দিন ধার্য করেছে।

সিনহা হত্যা মামলা বাতিল চেয়ে মামলার প্রধান আসামি লিয়াকত আলীর পক্ষে করা রিভিশন আবেদনটির আইনজীবী শুনানির জন্য আদালতে সময় প্রার্থনা করায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ দিন ধার্য করেন।

আজ মঙ্গলবার রিভিশন আবেদনটির গ্রহণযোগ্যতা শুনানির জন্য দিন ধার্য ছিল।

সিনহা হত্যা মামলার বাদী শারমিন শাহরিয়ার পক্ষের প্রধান আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তফা আজ দুপুরে এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিনহা হত্যা মামলার এক নম্বর আসামি বরখাস্ত পরিদর্শক লিয়াকতের পক্ষে রিভিশন মামলার প্রধান আইনজীবী অ্যাডভোকেট মাসুদ সালাহউদ্দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তার পক্ষে আজ আদালতে সময় চেয়ে আবেদন করা হয়েছে।

আদালতের বিচারক তার সময় চাওয়ার আবেদন মঞ্জুর করে আগামী ১৩ ডিসেম্বর এই রিভিশন মামলার গ্রহণযোগ্যতা নিয়ে পূর্ণাঙ্গ শুনানির দিন ধার্য করেছেন।                                              

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলা বাতিল চেয়ে মামলার প্রধান আসামি লিয়াকত আলীর পক্ষে গত ৪ অক্টোবর কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন আবেদনটি দায়ের করা হয়।

গত ২০ অক্টোবর রিভিশন আবেদনটি ত্রিপক্ষীয় শুনানির মাধ্যমে আদেশের দিন ধার্য ছিল। এ রিভিশন আবেদনটি লিয়াকত আলীর পক্ষে আদালতে দায়ের করলে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাসুদ সালাহ উদ্দিনের নেতৃত্বে আইনজীবী প্যানেল রিভিশন আবেদনটি দায়েরের দিন গত ৪ অক্টোবর ও গত ২০অক্টোবর আদালতে শুনানি করেন।

গত ২০ অক্টোবর শুনানিতে সিনহা মো. রাশেদ হত্যা মামলার বাদী শারমিন শাহরিয়া ফেরদৌসের প্রধান আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তফা রিভিশন আবেদনটি শুনানির জন্য বাদীর পক্ষে সময় প্রার্থনা করায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল সময়ের আবেদন মঞ্জুর করে আবেদনটি পরবর্তী দিন মঙ্গলবার ১০ নভেম্বর দিন ধার্য করেন।  

গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফের বাহারছরা এপিবিএন চেক পোস্টে গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান।

পরে গত ৫ আগস্ট সিনহার বড়বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে পুলিশের বরখাস্ত হওয়া লিয়াকত আলী ও সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ জনকে আসামি করে টেকনাফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় পদ্ধতিগত আইনি ত্রুটি আছে দাবি করে মামলাটি বাতিল চেয়ে প্রধান আসামি লিয়াকতের পক্ষে গত ৪ অক্টোবর কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন আবেদনটি ফাইল করা হয়েছিল।

আগামী ১৩ ডিসেম্বর রিভিশনকারী, রাষ্ট্রপক্ষ ও বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌস এর পক্ষে শুনানির পর আদালতের আদেশের ওপর নির্ভর করবে রিভিশন আবেদনটির ভবিষ্যৎ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত