মির্জাপুরে আগাছা-কচুরিপানায় আবাদ ব্যাহত

সরিষা চাষে লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার শঙ্কা

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ০৩:১৯ এএম

টাঙ্গাইলের মির্জাপুরে দীর্ঘস্থায়ী বন্যার ধকল কাটিয়ে উঠতে না উঠতেই জমিতে আগাছা ও কচুরিপানার বিস্তার ঘটেছে। এতে রবি মৌসুমে চাষিদের ফসল আবাদ বাধাগ্রস্ত হচ্ছে। নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এখনো চলছে জমি পরিষ্কারের কাজ। এতে চলতি বছর সরিষার আবাদ কম হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, চলতি বছর মির্জাপুরের বিভিন্ন স্থানে প্রায় ৮ হাজার ৫০০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু দীর্ঘস্থায়ী বন্যায় এ বছর কৃষিজমিগুলো থেকে অনেকটা দেরিতেই পানি সরে। তার ওপর কচুরিপানা ও আগাছা পরিষ্কার করে এখনো জমি প্রস্তুত করতে পারেননি চাষিরা। এতে ভরা মৌসুমেও মির্জাপুরে সরিষার আবাদ শুরু হয়নি।

সম্প্রতি উপজেলার পৌর এলাকা, উয়ার্শী, ফতেপুর, ভাতগ্রাম ও ভাওড়া ইউনিয়নের কয়েকটি গ্রামে সরেজমিন ঘুরে দেখা গেছে, সরিষা আবাদের উপযোগী করতে ক্ষেত থেকে কচুরিপানা ও আগাছা পরিষ্কার করছেন চাষিরা। কেউ পরিবারের সদস্যদের নিয়ে আবার কেউ শ্রমিক দিয়ে কাজ করাচ্ছেন।

পুষ্টকামুরী গ্রামের কৃষক আজাহার আলী বলেন, ‘এমনিতেই জমি থেকে পানি সরতে অনেক সময় লেগেছে। এখন আবার কচুরিপানা ও আগাছা। এগুলো পরিষ্কার করতেও বেশ সময় লাগছে। এখনো আবাদ শুরু করতে পারিনি।’

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান বলেন, অনেক জমিতে এখনো হাঁটুপানি। ১৫ নভেম্বরের মধ্যে সরিষার আবাদ শেষ করার কথা থাকলেও এ বছর তা করা যাবে না। তাই আবাদের লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার আশঙ্কা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত