নিজের বিয়ের পরিকল্পনার বিষয়ে জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। তবে এখনো বিয়ের দিনক্ষণ ঠিক করেননি তিনি।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার প্লেমাউথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেসিন্ডা নিজের বিয়ে নিয়ে মন্তব্য করেন।
কিউই প্রধানমন্ত্রী বলেন , ‘আমাদের কিছু পরিকল্পনা আছে। তবে সেটি কিছুটা দূরে রয়েছে। পরিকল্পনাগুলো আরও বিস্তৃতভাবে বাস্তবায়নের আগে পরিবার ও বন্ধুদের জানানোর প্রয়োজন হতে পারে।’
২০১৯ সালে ৪৪ বছর বয়সী টিভি উপস্থাপক ক্লার্ক গেফোর্ডের সঙ্গে বাগদান সম্পন্ন করেন ৪০ বছর বয়সী জেসিন্ডা। তাদের দুই বছর বয়সী একটি মেয়েও আছে।
একই বছরের সেপ্টেম্বরে জাতিসংঘে নেলসন ম্যান্ডেলা শান্তি সম্মেলনের জমায়েত কক্ষে তিন মাস বয়সী শিশুকে নিয়ে গিয়ে ইতিহাস গড়েন জেসিন্ডা।
গত মাসে নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে ভূমিধস জয় পায় জেসিন্ডা নেতৃত্বাধীন লেবার পার্টি। এতে টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসেন তিনি।
ইতিমধ্যে করোনা মহামারি মোকাবিলায় বিশ্বজুড়ে উদাহরণ সৃষ্টি করেছেন জেসিন্ডা। এর আগে, ক্রাইস্টচার্চের মসজিদে শ্বেতাঙ্গ সন্ত্রাসীর হামলার ঘটনায় তার শক্ত অবস্থান প্রশংসিত হয়।
