জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটি থেকে নাম প্রত্যাহার সেতুমন্ত্রীর ভাইয়ের

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ১০:৫৯ পিএম

নোয়াখালী জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি পদ থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই।

বুধবার সকাল ১১টায় বসুরহাট পৌরসভা হলরুমে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতাকালে এ কথা বলেন তিনি।

আব্দুল কাদের মির্জা বলেন, প্রস্তাবিত কমিটিতে আমাকে সহ-সভাপতি হিসেবে রাখা হয়েছে। আমি এ পদে থাকব না। কারণ প্রস্তাবিত কমিটিতে ত্যাগী নেতারা স্থান পাননি। আজ অপশক্তি স্থান দখল করেছে। জাতীয় নেতারাও সত্য কথা বলেন না। আজ যারা তোষামোদ করেন তারা নেতা। অপশক্তিকে কোনো পªশ্রয় দেওয়া হবে না। আমার বড় কোনো পদের দরকার নেই। যতদিন বেঁচে থাকব অন্যায়, অবিচার ও অনিয়মের বিরুদ্ধে কথা বলে যাব। কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না।

তিনি আরও বলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন সর্বোচ্চ ত্যাগী নেতা। কিন্তু তিনি প্রস্তাবিত কমিটিতে স্থান পাননি।’ এ সময় সাহাব উদ্দিনকে জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে রাখার দাবি জানান তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত