ইন্টারন্যাশনাল টোব্যাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড সিলগালা

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ১১:৩৭ পিএম

বারবার সতর্ক করা সত্ত্বেও পরিবেশ ছাড়পত্রবিহীন প্রতিষ্ঠান পরিচালনার দায়ে চট্টগ্রামে ইন্টারন্যাশনাল টোব্যাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম।

বুধবার নগরীর চান্দগাঁও শিল্প এলাকায় কারখানাটিতে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরীর নেতৃত্বে একটি টিম।

এ বিষয়ে অধিদপ্তরের উপপরিচালক মিয়া মাহমুদুল হক জানান, ওই প্রতিষ্ঠানটিকে বারবার সতর্ক করা হয়েছে। তারা পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধভাবে প্রতিষ্ঠান পরিচালনা করছিল। ২০১৯ সালেও তাদের ৭০ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। ওইসময়ে ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করে পরিবেশ ছাড়পত্র না নেওয়া পর্যন্ত উৎপাদন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। এরপর চলতি বছর জরিমানা করা হয় আড়াই লাখ টাকা।

অভিযান প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক নূরুল্লাহ নূরী জানান, ইন্টারন্যাশনাল টোব্যাকোকে দুইদফা জরিমানা করা হয়েছে। সর্বশেষ ৬ জুলাই অধিদপ্তরে শুনানি শেষে প্রতিষ্ঠানটিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জরিমানার টাকা পরিশোধ এবং পরিবেশগত ছাড়পত্র প্রাপ্তির আগে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু তারা পরিবেশ ছাড়পত্র ছাড়াই তাদের উৎপাদন অব্যাহত রাখে। বুধবার অভিযানের মাধ্যমে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত