পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় অঞ্চল এখন উত্তরের হিমালয়কন্যা খ্যাত পঞ্চগড়। প্রতিবেশী দেশ ভারত তিনদিক থেকে সীমান্তের কাঁটাতার দিয়ে ঘিরে রাখলেও সীমান্তজুড়ে রয়েছে বাংলার সৌন্দর্যের ঐশ্বর্য। রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। প্রতি বছর তেঁতুলিয়া জিরোপয়েন্ট দেখতে ভ্রমণ করেন হাজার হাজার পর্যটক।
উত্তরের তেঁতুলিয়ার নিবিড় শান্ত প্রকৃতির বুকে অবস্থান নিয়ে অতি কাছ থেকে দেখা যায় আকাশচুম্বী হিমালয় পর্বত, কাঞ্চনজঙ্ঘা আর ভারতের বাণিজ্যনগরী দার্জিলিং। আর পর্যটনের আরেক সম্ভাবনা হচ্ছে চারদেশীয় ব্যবসা-বাণিজ্যের দেশের অন্যতম বৃহত্তর স্থলবন্দর বাংলাবান্ধা। ইমিগ্রেশন সুবিধা থাকায় এখান থেকে অল্প সময়ে ভ্রমণ করা যায় ভারত, নেপাল, ভুটান ও চীনের মতো দেশগুলো।
এ বন্দরের ইমিগ্রেশন ব্যবহার করে এপার-ওপার হন দেশি-বিদেশি পর্যটক। বাংলাদেশিরা প্রায় প্রতিদিনই ভারতের সিকিম, দার্জিলিং, ডুয়ার্সসহ ভুটান ও নেপাল ভ্রমণ করছেন। যাওয়া-আসা করছেন নেপাল, ভুটান, ভারত ও বাংলাদেশি শিক্ষার্থীরাও। বাংলাদেশি শিক্ষার্থীরা শিলিগুড়ি, দার্জিলিংসহ বিভিন্ন স্থানে পড়াশোনা করছেন। অনেকে চিকিৎসা নিতে ছুটছেন শিলিগুড়ি, রেলওয়ে জংশন, বেঙ্গালোর, চেন্নাই, মুম্বাই, কলকাতার মতো স্থানগুলোতে।
এ অঞ্চলে রয়েছে হাজার বছরের ইতিহাস-ঐতিহ্য, পাথর ও চা শিল্প, প্রতœতত্ত্বনগরী, মহারাজার দিঘি, রক্স মিউজিয়াম, বার আউলিয়ার মাজার, শাহী মসজিদ, গোলকধাম মন্দির ও নদ-নদীর মতো নানান দর্শনীয় স্থান। যা পর্যটন শিল্পাঞ্চল হিসেবে তেঁতুলিয়াকে সমৃদ্ধ করেছে।
কিন্তু পর্যটন শিল্পে অপার সম্ভাবনা তৈরি হলেও পর্যটকদের জন্য এখানে তেমন পর্যাপ্ত আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, বিনোদন রিসোর্ট তৈরি হয়নি। দেখা দিয়েছে আবাসনের তীব্র সংকট। এ সংকটের কারণে পর্যটকদের পড়তে হচ্ছে বিড়ম্বনায়। চলতি মৌসুমে প্রচুর সংখ্যক পর্যটক প্রবেশ করছেন বহুল প্রত্যাশিত দেশে অবস্থান করে হিমালয়-কাঞ্চনজঙ্ঘা দেখার। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন নানা বয়সী পর্যটক। পর্যটকের সমাগমে উৎসবমুখর আমেজ তৈরি হলেও এখানে পর্যাপ্ত আবাসন না থাকায় তৈরি হয়েছে দুর্ভোগ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদুল হক বলেন, ব্যক্তি বা সরকারি কোনো করপোরেশন এগিয়ে না এলে এখানকার আবাসন সমস্যা দূর হবে না। কোম্পানি ও বিশিষ্ট ব্যবসায়ীরা যদি এ ব্যাপারে এগিয়ে আসেন তাহলে এ অঞ্চলের আবাসন সমস্যা সমাধানসহ পর্যটন শিল্পের প্রসার ঘটবে।
