বুরকিনা ফাসোয় জঙ্গি হামলায় ১৪ সেনা নিহত

আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ১২:১৩ পিএম

বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে জঙ্গি হামলায় ১৪ সেনা নিহত হয়েছে। সেনাদের গাড়িবহরে এ হামলা চালানো হয়।

দেশটিতে পাঁচ বছরের জঙ্গি তৎপরতা চলাকালে সেনাবাহিনীর ওপর এটি ছিল সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।

সরকার কর্মকর্তারা জানান, বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে মালি ও নাইজার সীমান্তের কাছে বুধবার এ হামলা চালানো হয়।

আর এমন এক সময় এ হামলা চালানো হলো যখন দেশটিতে প্রেসিডেন্ট ও আইনসভার নির্বাচন আসন্ন। আগামী ২২ নভেম্বর এ নির্বাচন হতে যাচ্ছে।

সরকারি মুখপাত্র রামিস ফুলগেন্স ড্যান্ডজিনোউ বৃহস্পতিবার বলেন, ‘টিন-আকোফ সামরিক বাহিনীর একটি বহর সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের হামলার শিকার হয়েছে।’

বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে জঙ্গিরা অনেক বেশি তৎপর। ২০১৫ সালে প্রতিবেশী দেশ মালি থেকে এ দেশে জঙ্গিদের তৎপরতা ছড়িয়ে পড়া শুরু করে।

এ পর্যন্ত বিভিন্ন সময়ে জঙ্গিদের হামলায় কমপক্ষে ১ হাজার ২০০ জন প্রাণ হারিয়েছে। প্রায় ১০ লাখেরও বেশি মানুষ বাধ্য হয়ে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে গেছে।

এদিকে প্রেসিডেন্ট রোচ ক্রিসশিয়ান কাবোর দেশে ‘শান্তি’ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে গত সপ্তাহে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তিনি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার চেষ্টা করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত