চাঁদপুরে গাড়ি চাপায় নিরব নামের ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে পুরানবাজারের মোমপট্টি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নিরব পুরানবাজারের দিনমজুর মিশু উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার দুপুরে অগ্রনী ব্যাংকের একটি গাড়ি টাকা সংগ্রহ করতে পুরানবাজার অগ্রনী ব্যাংক শাখায় আসে। এ সময় নিরব বাজার করতে দোকানে যাওয়ার সময় গাড়িটি তাকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় শিশু নিরবকে হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) স্নিগ্ধা সরকার বলেন, ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী গাড়িটি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাড়ির চালক মো. মনির হোসেনকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
