ভারতে শুরু হচ্ছে রুশ করোনা টিকার ট্রায়াল

আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ০২:৪৭ পিএম

সামনের সপ্তাহের মধ্যেই ভারতের কানপুর মেডিকেল কলেজে পৌঁছে যাবে রুশ করোনা টিকা ‘স্পুতনিক ভি’। সেখানেই দ্বিতীয় ও তৃতীয় ধাপের হিউম্যান ট্রায়াল করা হবে।

স্থানীয় গণমাধ্যম জানায়, দেশটির পক্ষ থেকে ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়া (ডিজিসিআই) রাশিয়ান ডায়রেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) ও ডক্টর রেড্ডিজ ল্যাব-কে শেষ পর্যায়ের ট্রায়ালের অনুমতি দিয়েছে।

এর আগে একবার স্পুতনিক ভি টিকা পরীক্ষার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে ডিজিসিআই। তখন বলা হয়েছিল, রাশিয়ার ভ্যাকসিনের প্রাথমিক ট্রায়াল করা হয়েছিল খুবই কমসংখ্যক লোকের ওপর। সেই কারণে নিয়ম ভেঙে ফেজ থ্রি ট্রায়ালের দিকে যাওয়া যায় না।

এর পর গত ১৩ অক্টোবর হায়দরাবাদের সংস্থা ডক্টরস রেড্ডিজ ল্যাব ফের ভারতে রাশিয়ার টিকার হিউম্যান ট্রায়াল করার অনুমতি চেয়ে আবেদন করে। এর প্রেক্ষিতে ফেজ টু ও ফেজ থ্রি হিউম্যান ট্রায়ালের অনুমতি চাওয়া হয়। 

নতুন চুক্তি অনুসারে, দেশের মোট দেড় হাজার মানুষের শরীরে এই করোনার টিকা প্রয়োগ করে পরীক্ষা চালানো হবে। চুক্তিতে এটিও লেখা আছে— করোনা টিকার এই পরীক্ষা সফল হলেও ডিজিসিআই-এর থেকে নতুন করে অনুমতি লাগবে। তা হলেই বাজারে করোনার টিকা আনা যাবে।

১০ কোটি করোনার টিকা ডক্টর রেড্ডিজ ল্যাবের মাধ্যমে ভারতে পাঠাবে রাশিয়া।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত