মাতারবাড়ী বন্দরে সর্বাধুনিক জাপানি প্রযুক্তি

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ১২:০২ এএম

মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পে সর্বাধুনিক জাপানি প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানিয়েছেন প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান নিপ্পন কোয়েইর টিম লিডার হোতানি। তিনি বলেছেন, প্রথম ধাপে ডিজাইন ও সিভিল ওয়ার্ক হবে। দ্বিতীয় ধাপে করা হবে হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট সংগ্রহের কাজ। এক্ষেত্রে অন্যান্য টেকনিক্যাল বিষয়ের পাশাপাশি ভূমিকম্পের বিষয়টিও মাথায় রাখা হবে। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম বন্দর ভবনে পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ বলেন, গত  ২৩ সেপ্টেম্বর পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই হয়েছিল। আজ থেকে প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর রোল মডেলের সঙ্গে সংগতি রেখেই মাতারবাড়ীতে গভীর সমুদ্রবন্দর প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ২০২৬ সালের মধ্যে বন্দরের কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। বন্দর ভবনে অনুষ্ঠিত সভায় মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পের পরিচালক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) জাফর আলম, সচিব ওমর ফারুকসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত