৫ দিনের মাথায় প্রেসিডেন্টের পদত্যাগ

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ১২:৪৫ এএম

ক্ষমতা গ্রহণের মাত্র ৫ দিন পরেই পদত্যাগে বাধ্য হয়েছেন পেরুর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ম্যানুয়েল মেরিনো। পূর্বসূরি প্রেসিডেন্ট মার্টিন ভিজকারাকে ক্ষমতাচ্যুতির পর ভারপ্রাপ্ত হিসেবে গত সপ্তাহেই দায়িত্ব নিয়েছিলেন তিনি। তবে ভিজকারা বিদায়কে কেন্দ্র করে সৃষ্ট বিক্ষোভে দুজনের মৃত্যুর পর চাপের মুখে গত রবিবার পদত্যাগ করেন তিনি। 

বার্তা সংস্থা রয়টার্স বলছে, মেরিনোর এ পদত্যাগে দেশটির রাজনৈতিক অস্থিরতা আরও দীর্ঘায়িত হতে পারে। মেরিনোর পদত্যাগের পর পেরুর অসংখ্য মানুষকে রাস্তায় নেমে উল্লাস করতে, দেশের পতাকা উড়াতে, স্লোগান দিতে ও থালা-বাসনে শব্দ করে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে।

এদিকে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে পদত্যাগের ঘোষণা দেওয়া মেরিনো তার মন্ত্রিসভার সদস্যদের প্রতি ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

কিন্তু পর্যবেক্ষকরা মনে করছেন, ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদত্যাগের ফলে, কে তার স্থলাভিষিক্ত হবেন তা নিয়ে আইনপ্রণেতাদের প্রতিযোগিতা দেশটিকে নানান সাংবিধানিক ও আইনি জটিলতার দিকে ঠেলে দিতে পারে।

নতুন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে বামপন্থি সাংসদ ও মানবাধিকারকর্মী রোসিও সিলভা-সান্তিস্টেবানের নাম বেশি শোনা গেলেও কংগ্রেসের প্রথম ভোটে তিনি সংখ্যাগরিষ্ঠতা পাননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত