প্রধানমন্ত্রীর চাচি শেখ রাজিয়া নাসের মারা গেছেন

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ০৭:১০ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি এবং বাগেরহাট-১ ও খুলনা-২ আসনের দুই সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও শেখ সালাউদ্দিন আহমেদ জুয়েলের মা শেখ রাজিয়া নাসের (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় তার দাদি রাজিয়া নাসেরের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিণী রাজিয়া নাসেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ রাজিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, আইনমন্ত্রী আনিসুল হক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন ও উপমন্ত্রী হাবিবুন নাহার তালুকদার, কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এবং উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান,  জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেকসহ বাগেরহাট ও খুলনা জেলা আওয়ামী লীগের নেতারা। এ ছাড়া তাৎক্ষণিকভাবে শোক জানিয়েছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।

গত ৫ নভেম্বর বার্ধক্যজনিত কারণে রাজিয়া নাসেরকে রাজধানীর এভারকেয়ার হসপিটালে ভর্তি করা হয়। এর পর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। গতকাল দুপুরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে রাত ৮টার দিকে মারা যান তিনি।

শেখ রাজিয়া নাসের পাঁচ ছেলে ও দুই মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার তৃতীয় ছেলে শেখ সোহেল কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য। আজ মঙ্গলবার রাজধানীর বনানী মসজিদে জানাজা শেষে বাদ জোহর বনানী কবরস্থানে শেখ রাজিয়া নাসেরের মরদেহ দাফন করার কথা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত