পতেঙ্গা কনটেইনার টার্মিনাল নির্মাণে গতি বাড়ানোর নির্দেশ

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ১২:৫৩ এএম

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম বন্দরের ‘পতেঙ্গা কনটেইনার টার্মিনাল’ (পিসিটি) এবং ‘বে-টার্মিনাল’-এর নির্মাণ কাজ আরও গতিশীল করার নির্দেশ দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, পতেঙ্গা কনটেইনার টার্মিনাল ও বে-টার্মিনাল দ্রুত আলোর মুখ দেখবে। গতকাল বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘পতেঙ্গা কনটেইনার টার্মিনাল’ প্রকল্পে অপারেটর নিয়োগ ও ‘বে-টার্মিনাল’ নির্মাণ প্রকল্পের ওপর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের বৈঠকে এ কথা বলেন প্রতিমন্ত্রী। সভায় জানানো হয়, চট্টগ্রাম বন্দরের মাধ্যমে পণ্য বা কনটেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ প্রায় ১২ শতাংশ বাড়ছে। চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে পিসিটি নির্মাণ প্রকল্প নেওয়া হয়। পিসিটিতে থাকবে ব্যাকআপ ফ্যাসিলিটিজসহ ৫৮৩ মিটার দীর্ঘ কনটেইনার জেটি, ২২০ দীর্ঘ ডলফিন জেটি, ৮৯ হাজার বর্গমিটার আরসিসি ইয়ার্ড, ২ হাজার ১২৮ বর্গমিটার কনটেইনার শুল্ক স্টেশন, ২ হাজার ১৫০ মিটার লম্বা ও ৬ মিটার উচ্চ কাস্টমস বন্ডেড হাউজ, ২ হাজার ৫০০ মিটার রেলওয়ে ট্রাক, ৪২০ মিটার ফ্লাইওভার, ১ হাজার ২০০ বর্গমিটার মেকানিক্যাল ওয়ার্কশপ এবং ৫ হাজার ৫৮০ বর্গমিটারের অফিস বিল্ডিং।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত